অর্থনীতির ৩০ দিন ডেস্ক :সারা দিন মুড়ি খান, চালের উপর চাপ কমান,
চিনি দিয়ে শরবত খান, রুটি নিয়ে অফিসে যান….
মুড়ি-চিনির ওপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এছাড়া গমের আটার ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে করে এ তিন পণ্যের দাম কমতে পারে। বর্তমানে আটার ওপর ২৫ শতাংশ শুল্ক রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এই কথা জানান অর্থমন্ত্রী।
এদিকে অপরিশোধিত চিনির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল ৩০ শতাংশ। গত অক্টোবরে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়। এই শুল্ক ছাড়ের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যায়। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সময়সীমা বাড়িয়েছে।
এখন চিনির ওপর টনপ্রতি ৩ হাজার টাকা সুনির্দিষ্ট শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে।
২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এবারের বাজেটের শিরোনাম ‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।
নতুন অর্থবছরের বাজেটের আকার যেমন বড়, তেমনি এর ঘাটতিও ধরা হয়েছে বড়। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।
এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। এবার বাজেটে সঙ্গত কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশকিছু খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।











