বিআইএএর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া এদিন বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা বিআইএএ সদস্যদের সম্মানিত করার লক্ষ্যে ‘বেস্ট ইনডেন্টিং সার্ভিস এক্সপোর্টার অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএএ সভাপতি মুহাম্মদ আইউব। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মজিবুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গেস্ট অব অনার ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ইনডেন্টরদের পুরস্কৃত করা একটি সৃজনশীল উদ্যোগ। এর মাধ্যমে ইনডেন্টররা আগামী দিনে দেশপ্রেম, সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে ব্যবসা পরিচালনায় আরো উৎসাহিত হবেন। ফলে তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে ও জনগণ উপকৃত হবেন।
রেলমন্ত্রী বলেন, বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পায়নের অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্যে চলতি অর্থবছরের বাজেটে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিআইএএর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজক কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি এমএসআই দস্তগীর, সহসভাপতি একেএম আজাদসহ পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।