“গাজী গোলাম আশরিয়া যমুনা ব্যাংক লিমিটেড এর নতুন চেয়ারম্যান”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক:-
গাজী গোলাম আশরিয়া গত ২৯ এপ্রিল, ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৩৮১তম বোর্ড সভায় সর্বসম্মতিতে পরবর্তী ০১ বছরের জন্য যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হন। জনাব আশরিয়া ১৯৮১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি এবং মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী’র দ্বিতীয় সন্তান। তাঁর বড় ভাই গাজী গোলাম মর্তূজা, যমুনা ব্যাংক লিঃ এর একজন উদ্যোক্তা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক।
জনাব আশরিয়া কানাডার সাসকাচোয়ান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপরই তিনি ২০০১ সালে তাঁর পারিবারিক ব্যবসা দেশের অন্যতম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি কন্টেন্ট ম্যাটারস লিমিটেড, প্রগ্রেসিভ প্রোপার্টি লিমিটেড, গাজী রিনিউয়েবল এনার্জি লিমিটেড, গাজী নেটওয়ার্কস লিমিটেড এবং গাজী কমিউনিকেশন লিমিটেডের পরিচালক। বর্তমানে তিনি গাজী টেলিভিশন লিমিটেডের (জিটিভি) চেয়ারম্যান। এছাড়াও তিনি গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গাজী টায়ার্স, গাজী অটো টায়ারস, স্টার রাবার ইন্ডাস্ট্রিজ, গাজী ট্রেড ইন্টারন্যাশনাল, গাজী রাবার প্ল্যান্টেশন, গাজী রাবার প্রসেসিং প্ল্যান্ট এবং গাজী এন্টারপ্রাইজ এর ব্যবসা পরিচালনা করছেন। তিনি দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন নির্বাচিত পরিচালক।
তিনি একজন খ্যাতিমান ক্রিকেট সংগঠক এবং গাজী গ্রুপ ক্রিকেটার, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার ক্রিকেট একাডেমির সাথে জড়িত আছেন । এছাড়াও তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত রয়েছেন ।