সত্যিকারের মেধাবীদের উপস্থিতি থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে কম যোগ্যতা সম্পন্ন ও স্বল্প মেধাবীরা কোটা পদ্ধতির কারণে সরকারী চাকুরীতে নিয়োগ পাচ্ছে। কোটা ব্যবস্থার কারণে এভাবে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সরকারী চাকুরী থেকে লাগাতার ভাবে বঞ্চিত করা হলে প্রশাসনে এক সময় নিশ্চিত ভাবেই স্থবিরতা নেমে আসবে। রাষ্ট্র ও প্রশাসনের নিজ স্বার্থেই কোটা পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে মেধানুসারে চাকুরীর নিশ্চয়তা দিতে হবে।
আজ সকাল ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের ঢাকায় অবস্থানরত নির্বাহী কমিটির সদস্যদের এক জরুরী সভায় একথা বলা হয়। নেতৃবৃন্দ আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে, দেশের মধ্যবিত্ত সমাজ নীরবে কাঁদছে, নিঃস্ব হওয়ার পথে আছে। আসন্ন রমজান মাসের আগেই এই মূল্যবৃদ্ধির লাগাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে দেশের মধ্য, নিম্ন ও দরিদ্র জনগণের নাভিশ্বাস উঠবে বলে বাংলাদেশ মুসলিম লীগ মনে করে।
সভায় দেশের সার্বিক রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি ও অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার জন্য আগামী ২৯শে এপ্রিল, ২০১৮ দলের জাতীয় নির্বাহী কমিটির সভা আহবানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এম.পি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়ামের জ্যৈষ্ঠ সদস্য আতিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব মোঃ কুদরত উল্ল্যাহ ও আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক এস.এইচ খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, দফতর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, আই.টি বিষয়ক সম্পাদক কাজী এ.এ কাফী, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।











