এনবিআর চেয়ারম্যান
৩০ দিন ডেস্ক :
আগামী অর্থবছরের বাজেট হবে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব। ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা যায় কিনা, তা বিবেচনা করে দেখা হচ্ছে। গতকাল খুলনা বিভাগের অংশীজনদের সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এনবিআর ও খুলনা চেম্বার যৌথভাবে এ সভার আয়োজন করে।
এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে আমাদের বাজেটের আকার এখন ৪ লাখ কোটি টাকা। প্রতি বছরই তা বাড়ছে। তিনি ব্যবসায়ীদের আমদানির ওপর বেশি জোর না দিয়ে রফতানির ওপরও জোর দিতে বলেন। তিনি জানান, এবারের বাজেটেও ভ্যাটের হার নির্দিষ্ট ১৫ শতাংশ না হয়ে বিভিন্ন সেবার জন্য বিভিন্ন হার থাকছে।
গতকালের সভায় বিশেষ অতিথি ছিলেন এনবিআরের সদস্য (শুল্কনীতি ও আইসিটি) মো. ফিরোজ শাহ আলম, সদস্য (করনীতি) কানন কুমার রায় ও সদস্য (মূসকনীতি) মো. রেজাউল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কর আপিল বিভাগের কর কমিশনার প্রশান্ত কুমার রায়। সভাপতিত্ব করেন খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক।










